শিলিগুড়ি: পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে হানিমুনের আনন্দ মুহূর্তেই পরিণত হল ভয়াবহ ঘটনায়।
হোমস্টের বারান্দায় বারবিকিউ করতে গিয়ে আগুনে ঝলসে গুরুতর জখম হলেন উত্তর দিনাজপুরের এক নববধূ।
বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি।
ঘটনায় হোমস্টের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের চোপড়া বাজার এলাকার বাসিন্দা সমীর দাস বিয়ের প্রায় দু’মাস পর স্ত্রী নিকিতা দাসকে নিয়ে হানিমুনে কার্শিয়াঙের সিটংয়ে যান।
আগে থেকেই অনলাইনে একটি হোমস্টে বুক করেছিলেন তাঁরা। গত ১৩ সেপ্টেম্বর সেখানে পৌঁছন সমীর ও নিকিতা।
পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর সন্ধ্যায় হোমস্টের বারান্দায় বারবিকিউয়ের আয়োজন করা হয়।
অভিযোগ, সেই সময় বারবিকিউয়ের আগুন থেকেই আচমকাই নিকিতার পোশাকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে শুরু করে তাঁর পোশাক। স্ত্রীকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন সমীর।
পরিবারের অভিযোগ, আগুনে ঝলসে যাওয়ার পরও দীর্ঘক্ষণ হোমস্টের বারান্দায় পড়ে থাকতে হয় নিকিতাকে। প্রায় এক ঘণ্টা ধরে কোনওরকম সাহায্য মেলেনি বলে অভিযোগ তাঁদের।
পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন নিকিতা।
পরিবারের অভিযোগ, “হোমস্টে থেকে কোনওরকম সাহায্য করা হয়নি।” ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বারবিকিউয়ের আগুন থেকে কীভাবে এই দুর্ঘটনা ঘটল ও সেই সময় হোমস্টের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।















































