শিলিগুড়ি: টোটো চলাচল বন্ধের দাবিতে সোমবার ফুলবাড়িতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন অটোচালকরা।
তাঁদের অভিযোগ, নির্দিষ্ট নিয়ম না মেনে টোটো চলাচলের কারণে অটোচালকদের যাত্রীসংখ্যা ক্রমশ কমে যাচ্ছে।
এর ফলে তাঁদের দৈনন্দিন আয় ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য ৩১ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।
ফলে রাস্তার দু’দিকে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায় ও যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
অটোচালকরা প্রশাসনের কাছে অবিলম্বে টোটো চলাচলের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসের পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
এরপর জাতীয় সড়কে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
অটোচালকদের দাবি, দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।















































