কলকাতা: রাজ্যের সাম্প্রতিক এনকাউন্টার, বিরোধীদের সমালোচনা, মুখ্যমন্ত্রীর ভূমিকা সহ তৃণমূল কংগ্রেসকে ঘিরে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ শানালেন দিলীপ ঘোষ।
এনকাউন্টার প্রসঙ্গে তিনি বলেন, অতীতে নকশাল আমলে এ ধরনের ঘটনা ঘটলেও বর্তমান পরিস্থিতিতে পুলিশের পদক্ষেপে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়েছে।
তাঁর দাবি, অপরাধ দমনে সরকারের নীতি ‘জিরো টলারেন্স’ ও অপরাধী পালানোর চেষ্টা করলে পুলিশ কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবে না।
একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে বলেন, ঘটনাস্থলে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দিয়ে তিনি প্রশাসনিক নেতৃত্বের পরিচয় দিয়েছেন।
এনকাউন্টার নিয়ে প্রশ্ন তোলা বিরোধী দল ও বুদ্ধিজীবীদেরও কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ।
তাঁর অভিযোগ, অপরাধের সময় যেমন আন্দোলন করা হয়, তেমনই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও একই মহল প্রতিবাদে সরব হয়।
তিনি দাবি করেন, অপরাধী ও অপরাধের পক্ষ নেওয়া ব্যক্তিদের মানুষ প্রত্যাখ্যান করবে।
হাজরায় তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা ও মুখ্যমন্ত্রীর এক কর্মীকে থাপ্পড় মারার ঘটনাতেও সরব হন বিজেপি নেতা।
তাঁর বক্তব্য, ক্ষমতায় থাকাকালীন বিরোধীদের উপর নানা ধরনের অত্যাচার চালানো হলেও এখন পরিস্থিতি বদলেছে।
বিজেপির কর্মীরা শুধু গান বাজিয়েছে ও আনন্দ করেছে বলেও দাবি করেন তিনি।
পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীর আচরণ নিয়ে প্রশ্ন তুলে বলেন, ধৈর্য হারানোর ঘটনাই মানুষের সামনে প্রকাশ্যে এসেছে।
তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ।
তাঁর অভিযোগ, দীর্ঘদিন দলের হয়ে কাজ করা কর্মীদেরও যথাযথ সম্মান দেওয়া হয় না।
একই সঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষকে আক্রমণ করে বলেন, তাঁর বক্তব্য ও রাজনৈতিক ভূমিকার ফলেই দলের বর্তমান অবস্থা তৈরি হয়েছে।
ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যের অভিযোগে একাদশ শ্রেণির এক ছাত্র গ্রেফতার হওয়ার ঘটনাতেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।
তিনি দাবি করেন, সমাজে প্রতিবাদের নতুন রূপ দেখা যাচ্ছে ও সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে তার রাজনৈতিক প্রতিক্রিয়াও হবে।















































