চিটফান্ড কাণ্ডে ইডির হানা, অভিযুক্ত বেপাত্তা! সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা ফেরতের দাবি আমানতকারীদের!

নদিয়া: চিটফান্ডের নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে নদিয়ার কালিনারায়নপুর স্টেশন সংলগ্ন এলাকায় অভিযুক্ত শুভ্র কান্তি নাগ ওরফে বাবাই নাগের বাড়িতে বৃহস্পতিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

অভিযানের খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্ত ও তাঁর পরিবারের সদস্যরা বেপাত্তা হয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বাড়িতে দফায় দফায় তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।

অভিযোগ, কালিনারায়নপুরে অফিস খুলে রাজ্যজুড়ে এজেন্টের নেটওয়ার্ক গড়ে তুলে শেয়ার বাজারে বিনিয়োগের নামে বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়।

পরে সেই টাকা আত্মসাৎ করে বিলাসবহুল বাড়ি নির্মাণ, নিজের নামে ও বেনামে একাধিক সম্পত্তি কেনার অভিযোগ ওঠে শুভ্র কান্তি নাগের বিরুদ্ধে।

টাকা ফেরত চাইতে গেলে বিনিয়োগকারীদের হুমকির মুখেও পড়তে হয়েছে বলেও অভিযোগ।

প্রায় দুই বছর আগে থেকেই অভিযুক্ত আত্মগোপনে রয়েছে বলে দাবি স্থানীয়দের।

একাধিক অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর অফিস বন্ধ করে দেয়। এবার ইডির অভিযানে নতুন করে আশার আলো দেখছেন প্রতারিত আমানতকারীরা।

ক্ষতিগ্রস্তদের দাবি, অভিযুক্তের সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থ থেকে আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করা হোক।

তাঁদের অভিযোগ, বহু গরিব মানুষ সর্বস্ব হারিয়েছেন এই প্রতারণার জেরে।

বর্তমানে ইডির তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে কী তথ্য উঠে আসে ও অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রয়েছে সকলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here