জম্মু: মাদক কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বার্তা আরও স্পষ্ট করল জম্মু পুলিশ।
গত ১৫ দিনের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় বাজেয়াপ্ত প্রায় ১.৫ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও নেশাজাতীয় দ্রব্য নষ্ট করা হয়েছে।
২৬ জুন থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে এনডিপিএস আইনের আওতায় বাজেয়াপ্ত ৭ কুইন্টাল ৫৪ কেজি ৬২০ গ্রাম গাঁজা, ১২৫ গ্রাম চরস, ৮৮৮টি ক্যাপসুল, ৪৯৫টি ট্যাবলেট সহ ২৫৪ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়।
সাম্বা জেলার বিজয়পুরে জেলা স্তরের ড্রাগ ডেস্ট্রাকশন কমিটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইন মেনে ও পরিবেশগত মান বজায় রেখে এই প্রক্রিয়া সম্পন্ন করে।
জম্মু পুলিশের দাবি, শুধুমাত্র মাদক উদ্ধার নয়, বাজেয়াপ্ত মাদক দ্রুত ও আইনসম্মতভাবে নষ্ট করাও মাদকচক্রের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বপূর্ণ অংশ।
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পাশাপাশি সাধারণ মানুষকে মাদক পাচার বা বিক্রির কোনও তথ্য থাকলে নিকটবর্তী থানায় জানাতে আহ্বান জানিয়েছে পুলিশ।
তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।















































