পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের শংকরপুর মৎস্য বন্দর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ‘জয় মা কালী’ ট্রলারের এখনও কোনও সন্ধান মেলেনি।
নিখোঁজের ৯ দিন পেরিয়ে গেলেও ট্রলারটির অবস্থান অজানাই রয়ে গেছে।
ট্রলারটিতে থাকা ১৫ জন মৎস্যজীবীর পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
নিখোঁজ মৎস্যজীবীদের মধ্যে ৩ জন পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের বাসিন্দা।
জানা গেছে, তাঁরা একই পরিবারের সদস্য। প্রিয়জনদের খোঁজ না মেলায় তাঁদের পরিবারও গভীর দুশ্চিন্তায় প্রহর গুনছে।
ট্রলারটির সন্ধানে ইতিমধ্যেই ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনীর সহায়তায় ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
উদ্ধারকার্যে নজরদারি রাখতে ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মৎস্যমন্ত্রী তথা রামনগরের বিধায়ক ড. চন্দ্রশেখর মণ্ডল।
তিনি নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে দেখা করে উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন ও প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় রাখছেন।
এখন জেলা প্রশাসন থেকে শুরু করে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবার সকলেরই একটাই প্রত্যাশা, দ্রুত ট্রলারটির সন্ধান মিলুক ও ১৫ জন মৎস্যজীবী সুস্থ ও জীবিত অবস্থায় শংকরপুর মৎস্য বন্দরে ফিরে আসুন।















































