সাত দিনেও ফেরেনি ‘জয় মা কালি’, ১৬ মৎস্যজীবীর খোঁজে মরিয়া পরিবার!


দিঘা: সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পর কেটে গিয়েছে সাত দিন।

তবুও এখনও ফিরেনি ‘জয় মা কালি’ ট্রলার। ট্রলারে থাকা ১৬ জন মৎস্যজীবীর কোনও খোঁজ না মেলায় শঙ্করপুরে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।

প্রতিদিনই প্রিয়জনদের ফেরার আশায় দিন গুনছেন পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, গত ২ জুলাই শঙ্করপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে রওনা দেয় ‘জয় মা কালি’ ট্রলারটি।

তারপর থেকে ট্রলারের সঙ্গে আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বহু চেষ্টা করেও তাদের অবস্থান সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।

শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশ রঞ্জন নায়ক বিষয়টি প্রশাসনের সর্বোচ্চ স্তরে জানিয়েছেন।

মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে নৌবাহিনী, কোস্ট গার্ড সহ সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলির সহায়তায় সমুদ্র ও আকাশপথে ব্যাপক তল্লাশি চালানোর দাবি জানানো হয়েছে।

নিখোঁজ মৎস্যজীবীদের দ্রুত উদ্ধার ও তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছে মৎস্যজীবী মহল।

এখনও পর্যন্ত ট্রলার বা মৎস্যজীবীদের কোনও সন্ধান না মেলায় গোটা শঙ্করপুর এলাকায় উদ্বেগের আবহ তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here