কোচবিহার: চার দফা দাবিকে সামনে রেখে শুক্রবার কোচবিহার জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন।
সংগঠনের সদস্যরা বিক্ষোভ প্রদর্শনের পর জেলাশাসকের কাছে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরেন।
ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয়, ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের ফর্ম পূরণের মতো প্রশাসনিক কাজ আশা কর্মীদের দিয়ে করানো অবিলম্বে বন্ধ করতে হবে।
তাদের অভিযোগ, স্বাস্থ্য পরিষেবার মূল দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত প্রশাসনিক কাজের চাপ ক্রমশ বেড়ে চলেছে, যার ফলে কর্মীদের উপর মানসিক ও শারীরিক চাপ বাড়ছে।
সংগঠনের দাবি, অতিরিক্ত কাজের চাপে এক আশা কর্মীর মৃত্যু হয়েছে।
ওই মৃত কর্মীর পরিবারের জন্য ৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়।
এছাড়াও দীর্ঘদিন ধরে বকেয়া বিভিন্ন সমস্যা, কর্মপরিবেশের উন্নতি ও অন্যান্য ন্যায্য দাবি দ্রুত মেটানোর আবেদন জানিয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন আশা কর্মীরা।
সংগঠনের হুঁশিয়ারি, দাবি পূরণে দ্রুত উদ্যোগ না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।















































