ক্যাম্পাসে সংঘর্ষ থেকে নেশাবিরোধী আন্দোলন – উত্তরবঙ্গে এবিভিপির প্রতিবাদে চড়ল রাজনৈতিক পারদ!

চোপড়া ও শিলিগুড়ি: উত্তরবঙ্গে একদিনে দুটি পৃথক ইস্যুতে পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।

চোপড়া কমলা পাল স্মৃতি মহাবিদ্যালয়ে কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবিতে বিশাল ‘বন্দে মাতরম’ মিছিলের আয়োজন করা হয়।

একই সঙ্গে শিলিগুড়িতে স্কুল-কলেজ পড়ুয়াদের মধ্যে বাড়তে থাকা নেশার প্রবণতা রুখতে সচেতনতা অভিযান চালিয়ে প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানায় সংগঠনটি।

চোপড়ায় শুক্রবার কলেজ চত্বর থেকে বিডিও অফিস পর্যন্ত জাতীয় পতাকা হাতে মিছিল করেন এবিভিপি কর্মী-সমর্থকরা।

সংগঠনের অভিযোগ, গত ৯ জুলাই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘স্টুডেন্ট হেল্প ডেস্ক’ চলাকালীন বহিরাগত ও বিরোধী ছাত্র সংগঠনের কর্মীরা হামলা চালায়।

ঘটনায় অন্তত তিনজন আহত হন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও একজন ছাত্রনেতাকে আটক করা হয়।

এবিভিপির সম্পাদক দীপ দত্তের দাবি, কলেজ ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে।

হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিডিওর মাধ্যমে প্রশাসনের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়।

অন্যদিকে, শিলিগুড়িতে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে তামাক ও নেশাজাতীয় দ্রব্যের বিক্রি বন্ধের দাবিতে সচেতনতা কর্মসূচি পালন করে এবিভিপি।

সংগঠনের অভিযোগ, আইন থাকা সত্ত্বেও বহু দোকানে প্রকাশ্যে এসব সামগ্রী বিক্রি হচ্ছে, যার ফলে অল্পবয়সি পড়ুয়ারা নেশার দিকে ঝুঁকছে।

এবিভিপির শিলিগুড়ি শাখার দাবি, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুলিশ কমিশনারের দপ্তরে ই-মেল পাঠানো হয়েছে।

প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে জেলাশাসক, মহকুমাশাসক-সহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হবে।

পাশাপাশি নিয়ম ভঙ্গকারী ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিলের দাবিতে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here