কৃষকদের ঋণের কোটি টাকার আত্মসাৎ মামলায় গ্রেফতার প্রাক্তন কো-অপারেটিভ ব্যাংক ভাইস চেয়ারম্যান কমল রায়, ধরা পড়লেন সুব্রত রায়ও
জলপাইগুড়ি: কৃষকদের ঋণের টাকা আত্মসাতের অভিযোগে জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের প্রাক্তন ভাইস চেয়ারম্যান কমল রায় ও গোসাইরহাট সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুব্রত রায়কে গ্রেফতার করেছে ধূপগুড়ি থানার পুলিশ।
শুক্রবার বিকেলে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
শনিবার দু’জনকে ধূপগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ ও সমবায় দফতর সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ১২ অক্টোবর ধূপগুড়ির কো-অপারেটিভ সোসাইটির ইন্সপেক্টর বিমল এক্কা লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে কৃষকদের ঋণ দেওয়ার নামে কয়েক কোটি টাকা আত্মসাতের কথা উল্লেখ করা হয়।
সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হলেও দীর্ঘদিন অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
তদন্তে উঠে আসে, ঘটনার সময় গোসাইরহাট সমবায় কৃষি উন্নয়ন সমিতির সচিব ছিলেন কমল রায় ও চেয়ারম্যান ছিলেন সুব্রত রায়।
এই মামলায় তাঁদের ছাড়াও আরও আটজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে খবর, আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে ও প্রয়োজনে আরও পদক্ষেপ করা হবে।
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার সময় কমল রায় সাংবাদিকদের বলেন, “ভুল বোঝাবুঝির কারণে আমাকে গ্রেফতার করা হয়েছে।
আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন।”
অন্যদিকে, সুব্রত রায় এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে কৃষকদের ঋণের অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল।
তবে মামলার তদন্ত এখন নতুন করে গতি পেয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।















































