শিলিগুড়ি: শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় টয় ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হলেন দার্জিলিংয়ের বাসিন্দা পূজা থাবা।
শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং মোড় সংলগ্ন টয় ট্রেন লাইনের ধারে পূজা থাবাকে বসে থাকতে দেখে টয় ট্রেনের চালক সতর্ক করার চেষ্টা করেন।
তবে তার আগেই ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর জখম হন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত পূজা থাবাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়।
স্থানীয়দের একাংশের দাবি, আহত তরুণী ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।















































