শিলিগুড়ি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় নাম পুনরায় অন্তর্ভুক্ত করার আবেদন জমা দিতে শনিবার সকাল থেকেই এনজেপি থানায় উপচে পড়ে ভিড়।
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আবেদন জমা দিতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়েন বহু মানুষ। কোলে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদেরও লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।
থানায় চলা এসআইআর ক্যাম্পে আবেদনকারীদের প্রয়োজনীয় নথি যাচাই ও আবেদন গ্রহণের কাজ চলছে পুলিশের সহযোগিতায়।
বিপুল ভিড় সামাল দিতে সকাল থেকেই সক্রিয় ছিলেন এনজেপি থানার পুলিশ কর্মীরা।
আবেদনকারীদের লাইনে শৃঙ্খলা বজায় রাখা, তথ্য দিয়ে সাহায্য করা ও প্রয়োজনীয় দিকনির্দেশ দেওয়ার পাশাপাশি প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে পানীয় জলেরও ব্যবস্থা করা হয়।
তবে আবেদনকারীদের একাংশের অভিযোগ, প্রয়োজনীয় সমস্ত নথি থাকা সত্ত্বেও তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।
ফলে নতুন করে আবেদন করতে এসে সময় ও হয়রানির শিকার হতে হচ্ছে।
দ্রুত বিষয়টি যাচাই করে প্রকৃত ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করার দাবি জানান তাঁরা।
একদিকে এসআইআর প্রক্রিয়াকে ঘিরে সাধারণ মানুষের ভোগান্তির ছবি সামনে এসেছে, অন্যদিকে সেই পরিস্থিতি সামাল দিতে মানবিক ও পরিষেবামূলক ভূমিকা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে এনজেপি থানার পুলিশ।















































