শিল্পায়নে জমি নীতিতে বড় পরিবর্তন, বাংলায় কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য: অর্জুন সিং!

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গে শিল্পায়নের গতি বাড়াতে জমি নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা করেছে রাজ্য সরকার।

শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, শিল্প প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি সরকার নিজেই সরাসরি কিনে তা বেসরকারি শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজ্যের শ্রম ও পরিবহনমন্ত্রী তথা ব্যারাকপুরের বিধায়ক অর্জুন সিং বলেন, আগের সরকারের শিল্পায়ন সংক্রান্ত জমি নীতির কারণে পশ্চিমবঙ্গ দীর্ঘ ৪৯ বছর পিছিয়ে ছিল।

তাঁর দাবি, এর মধ্যে ৩৪ বছর বামফ্রন্ট ও ১৫ বছর তৃণমূল কংগ্রেসের শাসনকাল অন্তর্ভুক্ত।

অর্জুন সিংয়ের বক্তব্য, নতুন জমি নীতির মাধ্যমে শিল্প স্থাপনে আর বড় বাধা থাকবে না।

এতে রাজ্যে নতুন শিল্প গড়ে উঠবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে ও বাংলার পরিযায়ী শ্রমিকদের কাজের খোঁজে অন্য রাজ্যে যেতে হবে না।

পাশাপাশি রাজ্যের যুবক- যুবতীদের জন্য নতুন কর্মসংস্থানের দ্বার খুলবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

রাজ্য সরকারের দাবি, এই নীতিগত পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগ বৃদ্ধি পাবে ও শিল্পবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here