ইসলামপুর: সরকারি প্রকল্পের কাজ বরাদ্দে বর্তমানে চালু থাকা পদ্ধতির পরিবর্তে আগের মতো সরাসরি ই-টেন্ডার (বিড) প্রক্রিয়া পুনরায় চালুর দাবিতে ইসলামপুরে সভা করলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ঠিকাদাররা।
শহরের একটি বেসরকারি হোটেলের সভাকক্ষে উত্তরবঙ্গ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ঠিকাদাররা অভিযোগ করেন, বর্তমানে ম্যাকান্ডো-র মাধ্যমে সরকারি কাজের বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে একাধিক জটিলতা ও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।
এর ফলে অনেক অভিজ্ঞ ও স্থানীয় ঠিকাদার কাজ থেকে বঞ্চিত হচ্ছেন বলে তাঁদের দাবি।
ঠিকাদারদের বক্তব্য, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY)-সহ অন্যান্য সরকারি প্রকল্পের কাজ আগের মতো সরাসরি ই-টেন্ডারের মাধ্যমে বরাদ্দ করা হলে স্বচ্ছতা বাড়বে ও প্রকৃত ঠিকাদাররা কাজের সুযোগ পাবেন।
সভায় উপস্থিত সদস্যরা জানান, তাঁদের এই দাবির বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে।
প্রয়োজনে পঞ্চায়েত মন্ত্রীর কাছেও বিষয়টি তুলে ধরে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হবে।
ঠিকাদার সংগঠনের দাবি, সরকারি কাজের বরাদ্দ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ ও সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পুরোনো ই-টেন্ডার ব্যবস্থাই পুনরায় চালু করা হোক।















































