রথযাত্রার অপেক্ষায় পুরী, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন ও কারিগররা; হোটেল সব বুকড!

পুরী: বিশ্ববিখ্যাত শ্রীজগন্নাথদেবের রথযাত্রাকে ঘিরে উৎসবের আবহে সেজে উঠেছে ওড়িশার পুরী।

আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হতে চলা এই মহোৎসবকে সামনে রেখে শহরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

ইতিমধ্যেই দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত পুরীতে পৌঁছেছেন।

ভক্তদের ঢলে শহরের প্রায় সব হোটেল ও লজের কক্ষ সম্পূর্ণ বুক হয়ে গেছে বলে জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ।

রথযাত্রার মূল আকর্ষণ তিনটি পবিত্র রথ – ভগবান জগন্নাথের নন্দিঘোষ, বলভদ্রের তালধ্বজ ও দেবী সুভদ্রার দর্পদলন।

বংশপরম্পরায় কাজ করা মহারানা কারিগর ও মন্দিরের সেবায়েতরা শতাব্দীপ্রাচীন রীতি মেনে রথ নির্মাণের কাজ প্রায় শেষ করেছেন।

বর্তমানে চলছে অলঙ্করণ ও শেষ পর্যায়ের সাজসজ্জা।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রায় ১৩ হাজার নিরাপত্তাকর্মী বিভিন্ন সংস্থা থেকে মোতায়েন করা হয়েছে।

এছাড়াও এনডিআরএফ, ওডিআরএএফ, ফায়ার সার্ভিস, স্কাউট অ্যান্ড গাইড-সহ একাধিক সংস্থার যৌথ উদ্যোগে মক ড্রিল পরিচালনা করা হয়েছে।

ওড়িশা পুলিশও রথযাত্রার নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছে।

এদিকে পুরীর ঐতিহাসিক বড়দাণ্ড থেকে শুরু করে বাজার, হোটেল ও জনবহুল এলাকায় উৎসবের সাজে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

ভক্তদের নিরাপদ ও নির্বিঘ্ন দর্শনের জন্য সবরকম ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন তৎপর।

অন্যদিকে, পালানপুরেও ৫৫তম জগন্নাথ রথযাত্রাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে শোভাযাত্রার মাধ্যমে বড়ে রামজি মন্দির থেকে তাঁদের মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়।

কীর্তন ও বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতে শোভাযাত্রা হয়ে ওঠে বর্ণাঢ্য।

বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসবকে ঘিরে এখন পুরীজুড়ে শুধু অপেক্ষা – প্রভু জগন্নাথের মহারথ গড়িয়ে পড়ার সেই শুভক্ষণের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here