জলপাইগুড়ি: একদিনের উত্তরবঙ্গ সফরে সোমবার উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রশাসনিক বৈঠক, দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, জল্পেশ শিবমন্দিরে পুজো সহ শিলিগুড়ির বহু প্রতীক্ষিত বর্ধমান রোড ফ্লাইওভারের উদ্বোধন – সব মিলিয়ে দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সরকারি সূচি অনুযায়ী, সকালে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে জলপাইগুড়ির স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার মাঠে তৈরি অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করবেন মুখ্যমন্ত্রী।
সেখান থেকে সড়কপথে জলপাইগুড়ি জেলা প্রশাসনিক ভবনে গিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।
বৈঠকের পাশাপাশি সিকিমের নামচির সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী।
রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হবে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।
এরপর হেলিকপ্টারে ময়নাগুড়ির জল্পেশ শিবমন্দিরে পৌঁছে শ্রাবণী মেলা উপলক্ষে পুজো দেবেন মুখ্যমন্ত্রী।
প্রতিবছরের মতো এবারও লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে জল্পেশে।
তারকেশ্বরের আদলে জল্পেশ মন্দির চত্বরে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনা থাকলেও, সকাল থেকে আকাশ মেঘলা থাকায় তা শেষ পর্যন্ত সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মেলা প্রাঙ্গণে আয়োজিত জনসভাতেও তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে।
জল্পেশের কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় পৌঁছে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও প্রশাসনিক কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন।
দিনের শেষ কর্মসূচিতে বিকেল প্রায় চারটা নাগাদ শিলিগুড়ির বর্ধমান রোডের বহু প্রতীক্ষিত ফ্লাইওভারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এই অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে।
উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই ফ্লাইওভার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে প্রশাসন।















































