হাওড়া: প্রশাসনিক কর্মসূচির ব্যস্ততার মাঝেও দিনের শুরুটা আধ্যাত্মিক পরিবেশে কাটালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার সকালে তিনি যান বেলুড় মঠে।
মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম তাঁর বেলুড় মঠ সফর ঘিরে সকাল থেকেই ছিল কৌতূহল ও উৎসাহ।
এদিন মঠে পৌঁছে প্রথমেই শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জগজ্জননী মা সারদা ও বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম নিবেদন করেন মুখ্যমন্ত্রী।
মূল মন্দির-সহ অন্যান্য মন্দির দর্শনের পাশাপাশি বিশেষ পুজোও দেন তিনি।
মঠের অধ্যক্ষ গৌতমানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ ও সহকারী সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রনন্দজি মহারাজ- সহ অন্যান্য মহারাজদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী।
তাঁকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান মঠের সন্ন্যাসীরা।
মুখ্যমন্ত্রীও নতমস্তকে তাঁদের প্রণাম জানিয়ে আশীর্বাদ গ্রহণ করেন।
প্রায় এক ঘণ্টা মঠে কাটানোর পরে তাঁকে স্বামী বিবেকানন্দের গ্রন্থ, প্রসাদ ও ফুলের তোড়া উপহার দেওয়া হয়।
পরে সমাজমাধ্যমে সফরের একটি দৃশ্য প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, বেলুড় মঠের আশীর্বাদ ও সান্নিধ্য লাভ করে তিনি ধন্য।
তিনি আরও বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে শিক্ষা, স্বাস্থ্য, সেবা ও আধ্যাত্মিকতার প্রসার সমাজে আরও বাড়ানো প্রয়োজন।
বেলুড় মঠ থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী পরে নব প্রশাসনিক ভবনে যান ও সেখানে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে যোগ দেন।














































