শিলিগুড়ি: কাওয়াখালি এলাকা থেকে প্রায় তিন মাস আগে চুরি যাওয়া একটি দুই চাকার ছোট গাড়ি উদ্ধার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।
ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশের এই অভিযানে চুরি যাওয়া গাড়িটি উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে অভিযোগকারীর পরিবারে।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছর গত ১২ এপ্রিল মাসে কাওয়াখালি এলাকা থেকে একটি দুই চাকার গাড়ি চুরি যায়।
ঘটনার পর এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে থানার সাদা পোশাকের পুলিশ।
বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহ ও ধারাবাহিক তদন্তের ভিত্তিতে মঙ্গলবার এনজেপি রেলওয়ে হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করা হয়।
এই ঘটনায় গণেশ ঘোষ (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
তাঁর বাড়ি ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের ছটপুকুর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ধৃতকে আদালতে পেশ করা হবে।
পাশাপাশি, এই চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না ও কোনও সংঘবদ্ধ চোরচক্রের সঙ্গে তার যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে এনজেপি থানার পুলিশ।















































