শিলিগুড়ি: সপ্তাহখানেকের ব্যবধানে একই পোস্ট অফিসে ফের চুরির চেষ্টা।
ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির মিলনপল্লী এলাকার টিএনটি কোয়ার্টারে অবস্থিত পোস্ট অফিসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, কয়েকদিন আগেই ওই পোস্ট অফিসে চুরির ঘটনা ঘটে।
সেই ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা আবারও পোস্ট অফিসের দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ।
যদিও এদিন বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবে পরপর একই ধরনের ঘটনা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পাশাপাশি সাদা পোশাকের পুলিশও এলাকায় নজরদারি চালাচ্ছে।
আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে সহ দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
স্থানীয়দের দাবি, পিএনটি কোয়ার্টারের অধিকাংশ বাড়ি দীর্ঘদিন ধরেই ফাঁকা থাকায় সন্ধ্যার পর এলাকা প্রায় জনশূন্য হয়ে পড়ে।
এই পরিস্থিতির সুযোগ নিয়েই দুষ্কৃতীরা বারবার অপরাধ সংঘটিত করার চেষ্টা করছে।
ফলে এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা, নিয়মিত পুলিশ টহল ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি তুলেছেন বাসিন্দারা।
পোস্ট অফিসের ইনচার্জ মৌসুমী সাহা জানান, আগের চুরির তদন্ত শেষ হওয়ার আগেই ফের একই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে সহ পোস্ট অফিসের নিরাপত্তা জোরদারের আবেদন করা হয়েছে।
পরপর চুরির ঘটনায় শুধু পোস্ট অফিস নয়, সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।















































