কলকাতা: নবান্নে অনুষ্ঠিত হল কেন্দ্র-রাজ্যের গুরুত্বপূর্ণ বৈঠক।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল-সহ অন্যান্য মন্ত্রীরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে উভয় পক্ষই আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করেন।
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে অতিরিক্ত কাজের সম্ভাবনা।
শিবরাজ সিং চৌহান জানান, এল নিনোর মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজন হলে ১২৫ দিনের কর্মসংস্থানের সঙ্গে আরও ৫০ দিন কাজের সুযোগ দেওয়া হতে পারে।
এদিন তিনি পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন।
তাঁর দাবি, কেন্দ্র বহু প্রকল্পে অর্থ বরাদ্দ করলেও দুর্নীতির কারণে সাধারণ মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
পাশাপাশি তিনি জানান, গত মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গে জাতীয় সড়ক, রেল, মেট্রো-সহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র প্রায় ৮২,৪৯২ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বৈঠকে আবাস যোজনা, গ্রামীণ সড়ক উন্নয়ন, কর্মসংস্থান ও কৃষি-সহ একাধিক বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।
তিনি বলেন, দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প চালু হবে।
এছাড়া প্রায় ২ কোটি ৫৬ লক্ষ জব কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে প্রায় আড়াই কোটি মানুষ ১২৫ দিনের কর্মসংস্থানের আওতায় আসবেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ১ লক্ষ বাড়ি নির্মাণের জন্য কেন্দ্র অর্থ বরাদ্দ করেছে ও উপভোক্তাদের যাচাইয়ের সময়সীমা আগামী ১৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
পাশাপাশি গ্রাম সড়ক যোজনার জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দের কথাও জানান তিনি।
কেন্দ্র-রাজ্যের এই বৈঠকের পর উন্নয়ন ও গ্রামীণ কর্মসংস্থানকে ঘিরে নতুন আশার বার্তা মিলেছে বলে প্রশাসনিক মহলের একাংশের অভিমত।















































