শিলিগুড়ি: কালভার্টের নিচে চিতাবাঘ দেখতে পাওয়ার খবরকে ঘিরে আতঙ্ক ছড়াল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির পুটিমারি এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কালভার্টের নিচে একটি চিতাবাঘকে দেখা যায়।
এক মহিলার দাবি, তিনি খুব কাছ থেকে চিতাবাঘটিকে দেখতে পান। পরে সেটি লাফিয়ে সেখান থেকে চলে যায়।
ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়।
খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকায় তল্লাশি চালান।
চিতাবাঘের সন্ধানে শব্দবাজি ফাটানো হয় বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দা পুলিন সরেন জানান, তিনি নিজে চিতাবাঘটিকে দেখেননি। তবে বনদপ্তরের কর্মীদের এলাকায় এসে তল্লাশি চালাতে দেখেছেন।
বাসিন্দাদের দাবি, পুটিমারি এলাকায় এর আগে চিতাবাঘ দেখা যাওয়ার ঘটনা ঘটেনি। ফলে প্রাণীটি আশপাশের বাগান, ঝোপঝাড় কিংবা কোনও গর্তে লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
বিশেষ করে রাতে যাতায়াত ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত চিতাবাঘটিকে খুঁজে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।














































