পাণ্ডবেশ্বর: অনলাইন ম্যাপ দেখে রাস্তা খুঁজতে গিয়ে বিপত্তি। বাইক-সহ প্রায় ৩০ ফুট গভীর খাদের গর্তে পড়ে গুরুতর আহত হলেন এক কেবল অপারেটর।
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পাণ্ডবেশ্বরের মহালক্ষ্মী খনি এলাকায়।
আহত বাইক চালকের নাম প্রসূন ব্যানার্জি। তিনি কাঁকসার বসুধা এলাকার বাসিন্দা।
পেশায় কেবল অপারেটর প্রসূনবাবু শুক্রবার রাতে কেবিলের কাজের জন্য পাণ্ডবেশ্বর এলাকার একটি গ্রামে যাচ্ছিলেন। রাস্তা খুঁজে নিতে তিনি অনলাইন ম্যাপের সাহায্য নিচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাণ্ডবেশ্বরের মহালক্ষ্মী এলাকায় বিভিন্ন জায়গায় খনির কাজ চলছে। এর জেরে বেশ কিছু রাস্তা খনি এলাকার আওতায় চলে এসেছে।
শুক্রবার রাতে অনলাইন ম্যাপ দেখে প্রসূনবাবু একটি পিচ রাস্তা ধরে এগোচ্ছিলেন।
আচমকাই রাস্তার মাঝে থাকা একটি গভীর গর্তে বাইক-সহ পড়ে যান তিনি। প্রায় ৩০ ফুট গভীর সেই গর্তে বাইক-সহ আটকে পড়েন প্রসূনবাবু।
এদিকে গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন।
প্রসূনবাবুর দাদা সুব্রত ব্যানার্জি জানান, ফোনে কথা হলেও প্রসূনবাবু ঠিক কোথায় রয়েছেন, তা স্পষ্টভাবে বলতে পারছিলেন না। কখনও অজয় নদীর ধারের কথা, আবার কখনও দুর্গাপুর বা অন্য এলাকার কথা বলছিলেন তিনি। ফলে পরিবারের সদস্যদের উদ্বেগ আরও বাড়তে থাকে।
শেষ পর্যন্ত জিও-ট্যাগের মাধ্যমে প্রসূনবাবুর অবস্থান শনাক্ত করার চেষ্টা করা হয়।
শনিবার সকালে পাণ্ডবেশ্বরের মহালক্ষ্মী খনি এলাকার একটি গর্তে তাঁর সন্ধান মেলে। খবর পেয়ে খনি কর্তৃপক্ষ, প্রশাসন সহ স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছন।
পরে খনির পকলেন মেশিনের সাহায্যে গভীর গর্ত থেকে আহত প্রসূন ব্যানার্জি ও তাঁর বাইক উদ্ধার করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।















































