‘আমাকেই জানানো হল না!’ মুক্তি পিছোতেই ক্ষোভ ও আক্ষেপ বাস্তবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ করিমুল হকের!

শিলিগুড়ি: দেব অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র মুক্তি ১৫ আগস্ট থেকে পিছিয়ে যাওয়ার সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিস্মিত হয়েছেন, যার জীবন অবলম্বনে ছবিটি তৈরি পদ্মশ্রী করিমুল হক।

আশ্চর্যের বিষয়, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে তাঁকে আগে থেকে কিছুই জানানো হয়নি বলে দাবি করেছেন তিনি।

সাংবাদিকদের কাছ থেকে ছবির মুক্তি স্থগিতের খবর জানার পর করিমুল হক বলেন, গত কয়েক মাস ধরে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ১৫ আগস্ট ছবিটি মুক্তির কথা জানিয়ে আসছিলেন।

বহু মানুষকে সিনেমাটি দেখার আহ্বানও জানিয়েছিলেন।

তাই হঠাৎ করে মুক্তির দিন বদলে যাওয়ায় তিনি অত্যন্ত হতাশ ও মর্মাহত।

করিমুল হকের অভিযোগ, ছবির নায়ক দেব বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাঁকে একবারও ফোন করে বা বার্তা দিয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

তিনি জানান, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানার জন্য তিনি নিজেই দেব ও ছবির পরিচালকের সঙ্গে যোগাযোগ করবেন।

তিনি আরও বলেন, এটি শুধু একটি সিনেমা নয়, তাঁর দীর্ঘ জীবনের সংগ্রাম, মানুষের জন্য নিরলস সেবার ইতিহাস ও উত্তরবঙ্গের গর্বের প্রতিফলন।

করিমুল হক জানান, ছবির বাংলা সংস্করণের পাশাপাশি হিন্দি সংস্করণের কাজও এগোচ্ছে।

এই মাসের শেষদিকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনাও রয়েছে তাঁর।

সেখানে তাঁদের এই সিনেমা দেখার আমন্ত্রণ জানাবেন বলেও জানান তিনি।

প্রয়োজনে ছবি মুক্তির পথে কোনও প্রশাসনিক বা অন্য সমস্যা থাকলে তা সমাধানে নিজেও উদ্যোগী হতে প্রস্তুত বলে জানিয়েছেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত এই সমাজসেবী।

তাঁর কথায়, “যদি কোথাও কোনও সমস্যা থাকে, আমি নিজে সরকারের সঙ্গে কথা বলব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব।

কারণ এই সিনেমা শুধু আমার নয়, বাংলার মানুষের।”

তিনি আরও দাবি করেন, এর আগেও ছবির শুটিং চলাকালীন মালবাজার ও রাজাডাঙ্গায় তাঁকে অনেক বিষয় আগে থেকে জানানো হয়নি।

এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় তিনি আক্ষেপ প্রকাশ করেন।

যদিও তাঁর বিশ্বাস, ব্যস্ততার কারণেই হয়তো তাঁকে জানানো সম্ভব হয়নি ও খুব শীঘ্রই নতুন মুক্তির দিন ঘোষণা করা হবে।

এদিকে ইন্ডাস্ট্রি সূত্রে জানা যাচ্ছে, ছবিটি বাতিল নয়, শুধুমাত্র মুক্তির দিন পিছিয়েছে।

সম্ভাব্যভাবে আগস্টের শেষ সপ্তাহে বা নির্ধারিত তারিখের কয়েক দিন পরই বড় পর্দায় আসতে পারে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here