হকার উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি, মধ্য কলকাতায় INTUC সেবাদল ও মহিলা কংগ্রেসের মিছিল

কলকাতা: হকারদের পুনর্বাসন নিশ্চিত না করে উচ্ছেদ করা চলবে না – এই দাবিতে বৃহস্পতিবার মধ্য কলকাতায় প্রতিবাদ মিছিল করল পশ্চিমবঙ্গ INTUC সেবাদল ও মধ্য কলকাতা মহিলা কংগ্রেস।

লেডি ডাফরিন কলেজের সামনে থেকে শুরু হওয়া মিছিল বৌবাজার মোড় পর্যন্ত যায়।

মিছিলে অংশগ্রহণকারীরা “পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়” স্লোগান তুলে রাজ্য প্রশাসনের কাছে হকারদের স্বার্থ সুরক্ষার দাবি জানান।

আয়োজকদের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও তাঁদের জন্য বিকল্প পুনর্বাসনের কোনও স্পষ্ট পরিকল্পনা এখনও সামনে আসেনি।

এর ফলে বহু ক্ষুদ্র ব্যবসায়ী ও তাঁদের পরিবারের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়ছে।

তাই পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত না করে কোনও হকারকে উচ্ছেদ করা উচিত নয় বলেই দাবি তোলেন আন্দোলনকারীরা।

মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ INTUC সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডে ও দক্ষিণ ২৪ পরগণা জেলা মহিলা কংগ্রেসের সভাপতি পিয়ালি সরকার-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

তাঁদের বক্তব্য, হকাররা শহরের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ ও তাঁদের জীবিকা ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, হকারদের স্বার্থবিরোধী কোনও সিদ্ধান্ত নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে সংগঠন।

মিছিলকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে প্রভাব পড়লেও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here