মালবাজার: জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের ওদলাবাড়ি ফ্লাইওভারের উপর মঙ্গলবার একটি অ্যাম্বুলেন্স ও একটি ছোট চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ।
দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, একটি অ্যাম্বুলেন্সে দুই রোগীকে নিয়ে মোট চারজন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন।
সেই সময় বিপরীত দিক থেকে আসা শিলিগুড়ি নম্বরের একটি ছোট চারচাকা গাড়ির সঙ্গে ফ্লাইওভারের উপর মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রাথমিকভাবে স্থানীয়দের অভিযোগ, দুটি গাড়িই দ্রুত গতিতে চলছিল, যার জেরেই এই দুর্ঘটনা ঘটে।
বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করেন ও পুলিশে খবর দেন।
খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেফার করার প্রস্তুতি চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।















































