শিলিগুড়ি: শিলিগুড়িতে একটি আবাসনের গ্যারেজ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন ফ্ল্যাট মালিকরা।
তাঁদের অভিযোগ, ফ্ল্যাট কেনার সময় প্রমোটার গ্যারেজটিকে বৈধভাবে ‘কভার্ড গ্যারেজ’ হিসেবে দেখিয়ে বিক্রি করেছিলেন।
কিন্তু দীর্ঘ ১৬ বছর পর শিলিগুড়ি পুরনিগমের নথিতে সেটি ‘ওপেন গ্যারেজ’ হিসেবে উল্লেখ থাকায় এখন ভাঙার মুখে পড়তে হয়েছে তাঁদের।
ফ্ল্যাট মালিকদের দাবি, প্রায় ১৬ বছর আগে তাঁরা ফ্ল্যাটের সঙ্গে ওই গ্যারেজও কিনেছিলেন।
সেই সময় গ্যারেজটি সম্পূর্ণ ঢাকা অবস্থায় ছিল ও প্রমোটার সেটিকেই বৈধ নির্মাণ বলে তাঁদের কাছে বিক্রি করে।
সম্প্রতি একটি অভিযোগের ভিত্তিতে পুরনিগম অনুমোদিত নকশা খতিয়ে দেখে জানতে পারে, মূল পরিকল্পনা অনুযায়ী সেটি আসলে ওপেন গ্যারেজ ছিল।
জানা গেছে, গ্যারেজে ভাড়া থাকা একটি সেলুনকে কেন্দ্র করে মালিক ও ভাড়াটিয়ার মধ্যে বিবাদের জেরে পুরনিগমে অভিযোগ দায়ের হয়।
সেই অভিযোগের তদন্তে নেমেই এই অনিয়ম সামনে আসে ও পরে গ্যারেজ ভাঙার পদক্ষেপ নেওয়া হয়।
ফ্ল্যাট মালিকদের অভিযোগ, তাঁরা কোনও বেআইনি নির্মাণ করেননি।
প্রমোটারের দেখানো নথি ও নির্মাণের উপর ভরসা করেই অর্থের বিনিময়ে সম্পত্তি কিনেছিলেন।
তাই এই ঘটনার সম্পূর্ণ দায় প্রমোটারের উপর বর্তায় বলে তাঁদের দাবি।
অভিযোগে উঠে এসেছে, ফ্ল্যাট মালিকদের দাবি, প্রকৃত দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁদের স্বার্থ রক্ষায় প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করুক।















































