কাগজেই জীবন্ত ইতিহাস! শিল্পীর হাতে ফুটে উঠল কোচবিহার রাজবাড়ি থেকে হাইকোর্ট সার্কিট বেঞ্চ!

জলপাইগুড়ি: শুধু কাগজ, আঠা ও অসাধারণ নিপুণতা এই তিনের মেলবন্ধনে উত্তরবঙ্গের ঐতিহাসিক স্থাপত্যকে নতুনভাবে তুলে ধরেছেন জলপাইগুড়ির শিল্পী হিমাংশু সরকার।

তাঁর হাতে তৈরি কাগজের ক্ষুদ্রাকৃতির মাইক্রো মডেলে অবিকল ফুটে উঠেছে কোচবিহার রাজবাড়ি, ঐতিহাসিক ডাকবাংলো সহ জলপাইগুড়িতে অবস্থিত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ।

তাঁর এই অভিনব শিল্পকর্ম এখন প্রশংসা কুড়োচ্ছে সর্বত্র।

জলপাইগুড়ি শহরের আদরপাড়ার বাসিন্দা হিমাংশু সরকার ছোটবেলা থেকেই শিল্পচর্চার সঙ্গে যুক্ত।

বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাঁর শিল্পজীবনের শুরু।

পরিবারের উৎসাহ ও সহযোগিতায় ধীরে ধীরে তিনি গড়ে তুলেছেন নিজস্ব শিল্পভাবনা।

জেলা স্তরের একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেছেন বহু সরকারি শংসাপত্র ও সম্মান।

পেশায় একজন সাংবাদিক হলেও ব্যস্ততার ফাঁকে সময় বের করে কাগজের সূক্ষ্ম কারুকাজে একের পর এক ঐতিহাসিক স্থাপত্যের মাইক্রো মডেল তৈরি করেন হিমাংশু।

প্রতিটি নির্মাণে রয়েছে বাস্তব স্থাপত্যের সূক্ষ্ম নকশা, অনুপাত ও শৈল্পিক নিখুঁততা, যা দর্শকদের মুগ্ধ করছে।

হিমাংশু সরকারের স্বপ্ন, ভবিষ্যতে একটি আর্ট স্কুল প্রতিষ্ঠা করে নতুন প্রজন্মের হাতে এই ব্যতিক্রমী শিল্পধারা তুলে দেওয়া।

তাঁর বিশ্বাস, সঠিক প্রশিক্ষণ ও উৎসাহ পেলে কাগজের মাইক্রো মডেল তৈরির এই শিল্প ভবিষ্যতেও সমানভাবে সমৃদ্ধ হবে সাথে বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here