রেলগেটের দাবির মাঝেই ভয়াবহ দুর্ঘটনা, ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় দুমড়ে গেল গাড়ি, আহত ৩!

নদিয়া: রেলগেট না থাকায় ফের ভয়াবহ দুর্ঘটনা নদিয়ার শান্তিপুরে। রেললাইন পারাপারের সময় একটি প্রাইভেট গাড়িকে সজোরে ধাক্কা মারল রেলের ইঞ্জিন।

সংঘর্ষের জেরে গাড়িটি বেশ কিছুটা দূর পর্যন্ত রেললাইনের উপর দিয়ে টেনে নিয়ে যায় ইঞ্জিন। দুর্ঘটনায় গাড়িতে থাকা তিনজন আহত হয়েছেন। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর নেই।

শুক্রবার ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার অন্তর্গত বেলেডাঙ্গা মোড় সংলগ্ন রেললাইনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি প্রাইভেট গাড়িতে তিনজন রেললাইন পারাপার করছিলেন। সেই সময় আচমকাই একটি রেলের ইঞ্জিন এসে গাড়িটিকে ধাক্কা মারে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সংঘর্ষের অভিঘাতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সেখানে পৌঁছয় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় একটি রেলগেটের দাবি জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু এখনও পর্যন্ত রেলগেট না থাকায় ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে হয় সাধারণ মানুষকে।

তাঁদের দাবি, দ্রুত রেলগেটের ব্যবস্থা করা না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

ভয়াবহ দুর্ঘটনার পর ফের একবার প্রশ্নের মুখে পড়েছে ওই রেললাইন পারাপারের নিরাপত্তা ব্যবস্থা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here