অন্নপূর্ণা ভাণ্ডারের টাকায় স্বপ্নপূরণ! এবার মহিলাদের হাতেই দুর্গাপুজো!

আলিপুরদুয়ার: দীর্ঘদিনের ইচ্ছে ছিল পাড়ায় নিজেদের উদ্যোগে দুর্গাপুজো করার।

কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্ন বারবার থমকে গিয়েছিল। অবশেষে আর্থিক সহায়তার হাত ধরে সেই স্বপ্নই বাস্তবের পথে। অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সহায়তাকে কাজে লাগিয়ে এবার প্রথমবার নিজেদের উদ্যোগে দুর্গাপুজোর আয়োজন করতে চলেছেন আলিপুরদুয়ারের দাসপাড়ার মহিলারা।

ইতিমধ্যেই খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি।

আলিপুরদুয়ার-১ নম্বর ব্লকের পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কাঠালবাড়ির মহাকালধাম দাসপাড়ায় এবার মহিলাদের উদ্যোগে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন হচ্ছে।

দীর্ঘদিন ধরেই এলাকায় পুজো করার পরিকল্পনা থাকলেও অর্থের অভাব ছিল প্রধান বাধা।

স্থানীয় মহিলারা জানান, এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে দুর্গাপুজো করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।

তবে সেই অর্থে পুজোর সমস্ত খরচ বহন করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় ছিল।

ফলে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সহায়তা পাওয়ার পর নতুন করে পুজো আয়োজনের উদ্যোগ নেন তাঁরা।

খুঁটিপুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তাঁদের প্রথম দুর্গোৎসবের প্রস্তুতি। খুঁটিপুজোকে ঘিরে দাসপাড়ায় ছিল উৎসবের আমেজ।

মহিলাদের চোখেমুখে ছিল আনন্দ ও আবেগ। কারণ এই পুজো তাঁদের কাছে শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, দীর্ঘদিনের স্বপ্নপূরণেরও প্রতীক।

মহিলাদের এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন স্থানীয় নবোদয় ক্লাবের পুরুষ সদস্যরাও।

পুজো সফল করতে বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাঁরা। পুজোর যাবতীয় দায়িত্বও ভাগ করে নিয়েছেন এলাকার মহিলারা।

পুজো কমিটির সভাপতি রুমা বর্মন, সভানেত্রী অঞ্জনা দাস ও সম্পাদিকা সুভদ্রা দাসের নেতৃত্বে চলছে প্রস্তুতি।

তাঁদের সঙ্গে রয়েছেন মিতালী দাস, মামুন চক্রবর্তী, কল্পনা দাস-সহ এলাকার আরও অনেকে।

অর্থের অভাবে যে স্বপ্ন এতদিন বারবার থমকে গিয়েছিল, এবার সেই স্বপ্নই বাস্তবের রূপ নিতে চলেছে। দাসপাড়ার মহিলাদের কাছে তাই এবারের দুর্গাপুজো শুধুমাত্র মা দুর্গার আরাধনা নয়, নিজেদের উদ্যোগে নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক বিশেষ অধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here