রাইটার্সে ফিরছে মুখ্যমন্ত্রী- মন্ত্রীদের দফতর, ১০ অক্টোবরের মধ্যে ঘর তৈরির কাজ শেষের লক্ষ্য!

কলকাতা: রাইটার্স বিল্ডিংয়ের সংস্কার ও দফতর প্রস্তুতির কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে রাজ্যের পূর্ত দফতর।

আগামী ১০ অক্টোবরের মধ্যে মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের জন্য নির্ধারিত ঘর তৈরির কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

রাইটার্স বিল্ডিংয়ের সংস্কার সংক্রান্ত বিষয়ে শনিবার বিশেষ বৈঠক করেন রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার।

ইতিমধ্যেই রাইটার্স বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে।

ভবনের তৃতীয় তলায় মুখ্যমন্ত্রী- সহ অন্তত ছয়জন মন্ত্রীর বসার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ গুরুত্বপূর্ণ পদাধিকারীদের জন্যও পৃথক ঘর প্রস্তুত করা হচ্ছে।

পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় সহ পূর্তমন্ত্রী অজয় পোদ্দারের জন্য রাইটার্সে ঘর বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

তবে আপাতত ক্যাবিনেট রুম ও রোটান্ডার সংস্কারের কাজ শুরু করা হচ্ছে না।

রাইটার্স বিল্ডিংয়ের সামগ্রিক সংস্কারের দায়িত্ব আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানা গিয়েছে।

এ বিষয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।

ইতিমধ্যেই সংস্কার পরিকল্পনার জন্য প্রাক্তন হেরিটেজ কমিশন সদস্য তথা স্থপতি রঞ্জন মিত্রকে দায়িত্ব দিয়েছে আদানি গোষ্ঠী। তিনি রাইটার্স বিল্ডিং পরিদর্শনও করেছেন।

পূর্ত দফতরের দাবি, অতীতে সংস্কারের সময় ইউরোপীয় টালি-সহ রাইটার্সের একাধিক ঐতিহাসিক উপাদান নষ্ট হয়েছে বা হারিয়ে গিয়েছে।

ফলে ভবনের ঐতিহাসিক চরিত্র ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে সংস্কার করাই এখন অন্যতম বড় চ্যালেঞ্জ।

উল্লেখ্য, ২০১৩ সালে রাজ্য সরকারের সচিবালয় নবান্নে স্থানান্তরিত হওয়ার পর দীর্ঘ ১৩ বছর কেটে গেলেও রাইটার্স বিল্ডিংয়ের সংস্কারের ৫০ শতাংশ কাজও সম্পূর্ণ হয়নি বলে পূর্ত দফতর সূত্রে দাবি।

এবার নির্দিষ্ট সময়সীমার মধ্যে অসম্পূর্ণ কাজ শেষ করে ধাপে ধাপে রাইটার্সকে ফের প্রশাসনিক কাজে ব্যবহারের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here