জমি দখলের অভিযোগে কড়া পদক্ষেপ, গৌতম চৌধুরীর পার্টি অফিস ভাঙল পুরসভা!

হাওড়া: জমি দখলের অভিযোগ ঘিরে ফের বিতর্কে উত্তর হাওড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী।

তাঁর তৈরি করা দলীয় কার্যালয় এবার জেসিবি দিয়ে ভেঙে দিল হাওড়া পুরসভা।

মঙ্গলবার সকালে উত্তর হাওড়ার বাঁধাঘাট সংলগ্ন গঙ্গার তীরবর্তী এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

পুরসভা সূত্রে দাবি, গঙ্গার চর সংলগ্ন সরকারি জমি অবৈধভাবে দখল করে ওই দলীয় কার্যালয় নির্মাণ করা হয়েছিল।

সেই অভিযোগের ভিত্তিতেই এদিন অভিযান চালিয়ে নির্মাণটি গুঁড়িয়ে দেওয়া হয়।

ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও উচ্ছেদকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

স্থানীয় বাসিন্দা তরুণ সাহার অভিযোগ, গঙ্গার ঘাটের পাশে জমি দীর্ঘদিন ধরে দখল করে সেখানে দলীয় কার্যালয় চালানো হচ্ছিল।

তাঁর কথায়, প্রশাসনের এই পদক্ষেপে সরকারি জমি ফের সাধারণ মানুষের কাজে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

আরেক বাসিন্দার অভিযোগ, ওই কার্যালয়কে ঘিরে দীর্ঘদিন ধরে এলাকায় দাদাগিরি ও তোলাবাজির অভিযোগ ছিল।

সাধারণ মানুষ ভয়ে অনেক সময় প্রতিবাদ বা অভিযোগ করতে পারতেন না বলেও দাবি তাঁর। পুরসভার অভিযানে তাঁরা স্বস্তি পেয়েছেন বলে জানান ওই বাসিন্দা।

এদিকে, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বিজেপির দাবি, তৃণমূলের আমলেই ওই জায়গায় অবৈধ নির্মাণ গড়ে উঠেছিল। বর্তমানে পুরসভা প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে বলে দাবি বিজেপির।

তবে এই ঘটনায় প্রাক্তন বিধায়ক গৌতম চৌধুরীর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তাঁর বক্তব্য সামনে এলে গোটা বিষয়টি নিয়ে আরও স্পষ্টতা মিলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here