রাজগঞ্জ: বাড়ির সদস্যরা পুরনো বাড়িতে যাওয়ার সুযোগে ফাঁকা বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠল রাজগঞ্জ ব্লকের সহুডাঙ্গির পাঘালুপাড়া এলাকায়।
চোরেরা নগদ টাকা, সোনার গয়না, মন্দিরের কাঁসার বাসন, পিতলের মূর্তি-সহ একাধিক সামগ্রী নিয়ে পালিয়েছে বলে অভিযোগ। পাশাপাশি চারটি LPG গ্যাস সিলিন্ডারও চুরি হয়েছে বলে দাবি পরিবারের।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বাড়ির সদস্যরা বালুরঘাটে তাঁদের পুরনো বাড়িতে যান। মঙ্গলবার ভোরে বিশেষ প্রয়োজনে বাড়ির মালিক ফিরে এসে সকাল সাড়ে পাঁচটা নাগাদ বাড়িতে ঢুকতেই চুরির ঘটনা নজরে আসে। ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
আলমারি, বাক্স-সহ একাধিক জায়গা তছনছ করা হয়েছে বলে অভিযোগ।
পরিবারের দাবি, বাড়ির বাথরুমের জানলা দিয়ে চোরেরা ঘরে প্রবেশ করে।
এরপর বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা নগদ, প্রায় ১০ গ্রাম সোনার গয়না, মন্দিরের কাঁসার বাসন, পিতলের মূর্তি-সহ বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে যায়। চারটি LPG গ্যাস সিলিন্ডারও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরে পরিবারের পক্ষ থেকে ভোরের আলো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
চুরির ঘটনায় বাড়ির আশপাশের CCTV ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছে পরিবার।
চুরি যাওয়া সামগ্রী উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।















































