দুর্গাপুজোর আগে মণ্ডপ ও নিরঞ্জন ঘাট পরিদর্শনে পুলিশ কমিশনার!

নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থা খতিয়ে দেখলেন সৈয়দ ওয়ার্কার রাজা

শিলিগুড়ি: দুর্গাপুজোর আগে শহরের বিভিন্ন পুজো মণ্ডপ ও নিরঞ্জন ঘাটের পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে বেরোলেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়ার্কার রাজা।

বুধবার হিলকার্ট রোডের মহাত্মা গান্ধী চকের মহানন্দা নিরঞ্জন ঘাট-সহ একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন এসিপি রবিন থাপা, এসিপি চন্দন দাস, এসিপি অহিদ আগনী চক্রবর্তী, এসিপি সুবীর দত্ত-সহ বিভিন্ন ট্রাফিক গার্ডের ওসি সহ একাধিক থানার আইসি ও ওসিরা। এছাড়াও পাশাপাশি এদিন বিদ্যুৎ দপ্তর ও দমকলের কর্মীরাও উপস্থিত ছিল।

এদিন প্রথমে মহানন্দা নিরঞ্জন ঘাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার। ঘাটে নামার পথ, সাধারণ মানুষের চলাচল ও বিসর্জনের সময় যাতে কোনও ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে বিভিন্ন দিক খতিয়ে দেখেন তিনি।

এরপর মহানন্দা ঘাট থেকে সেন্ট্রাল কলোনির দুর্গাপুজোর মণ্ডপে যান পুলিশ কমিশনার। সেখানে পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি মণ্ডপ ও সংলগ্ন এলাকার পরিস্থিতি পরিদর্শন করেন।

মণ্ডপে প্রবেশ ও বেরোনোর পথে যাতে কোনও ধরনের সমস্যা বা যানজট তৈরি না হয়, সেদিকেও বিশেষ নজর দেন তিনি।

পরে সুব্রত সংঘের পুজো মণ্ডপ, দাদাভাই মাঠ ও রথখোলা-সহ শিলিগুড়ির একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করেন পুলিশ কমিশনার।

দুর্গাপুজোকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা, যান চলাচল ও সাধারণ মানুষের সুবিধার বিষয়গুলি সুনিশ্চিত করতেই এই পরিদর্শন বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here