গুলিবিদ্ধ কলেজ ছাত্র কলকাতায় চিকিৎসাধীন, আতঙ্ক রেলশহরে!

খড়গপুর: ভরদুপুরে খড়গপুর পুরসভার রেল এলাকার ব্যস্ত জায়গায় গুলিচালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ খড়গপুরের ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায় ঘটনাটি ঘটে। গীতাঞ্জলি হলের পিছনের একটি গলিতে মোটরবাইকে যাওয়ার সময় দুই যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।

ঘটনায় অক্ষয় ঝা নামে এক কলেজ ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটরবাইকে চালকের আসনে ছিলেন সাগর কুমার ও পিছনে বসেছিলেন অক্ষয়। আচমকাই অক্ষয়ের বুকে গুলি লাগে বলে দাবি সাগরের। গুরুতর আহত অবস্থায় অক্ষয়কে উদ্ধার করে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে খবর, খুব কাছ থেকে অক্ষয়কে লক্ষ্য করে গুলি চালানো হয়ে থাকতে পারে।

তবে হামলার নেপথ্যে কারা রয়েছে ও কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করতে তল্লাশিও শুরু হয়েছে।

তবে ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।

ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের দাবি, তাঁরা গুলির শব্দ বা কারও চিৎকার শুনতে পাননি। দিনের ব্যস্ত সময়ে গুলি চালানোর মতো ঘটনা ঘটলেও বিষয়টি তাঁদের নজরে আসেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফলে কীভাবে ও ঠিক কী পরিস্থিতিতে গুলিচালনার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই সাগর কুমারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খড়গপুর শহরে দুষ্কৃতী দমন ও মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান চললেও দিনের আলোয় জনবহুল এলাকায় এই গুলিচালনার ঘটনায় ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনায় রেলশহরজুড়ে ছড়িয়েছে আতঙ্ক। ঘটনার প্রকৃত কারণ ও হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here