ম্যাট্রিমনি সংস্থার নাম করে প্রতারণার অভিযোগ, গ্রেফতার মহিলা!

ম্যাট্রিমনি সংস্থার নাম করে প্রতারণার অভিযোগ, গ্রেফতার মহিলা

শিলিগুড়িতে অ্যাপার্টমেন্টে অভিযান, আটক আরও দুই তরুণী

শিলিগুড়ি: ম্যাট্রিমনি সংস্থার নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করে প্রতারণার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।

ঘটনায় আরও দুই তরুণীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির শক্তিগড়ের ৫ নম্বর রাস্তার একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

পরে কাকলি বিশ্বাস নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত কাকলি বিহারের বাসিন্দা। আটক দুই তরুণী শক্তিগড় এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

অভিযোগ, একটি ম্যাট্রিমনি সংস্থার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করা হতো।

পাত্র-পাত্রীর ছবি ও বিস্তারিত তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে মোটা অঙ্কের টাকা নেওয়া হত।

কিন্তু টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী পাত্র- পাত্রীর ছবি বা তথ্য দেওয়া হত না বলে অভিযোগ।

পুলিশের দাবি, যে ম্যাট্রিমনি সংস্থার নাম ব্যবহার করে টাকা সংগ্রহ করা হচ্ছিল, সেই সংস্থার মালিকদেরও খোঁজ করা হচ্ছে।

এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার ধৃত কাকলি বিশ্বাসকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বললে এনজেপি থানার পুলিশ সূত্রে খবর।

একইসঙ্গে আর্থিক লেনদেন, ব্যবহৃত ম্যাট্রিমনি সংস্থার পরিচয় ও অভিযুক্তদের ভূমিকা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here