বাঁদনা পরবে ঢোল-ধামসা বাজিয়ে খুঁটান আখড়ায় মাতলেন মন্ত্রী রাজেশ মাহাতো ও বিধায়ক বিমান মাহাতো, গিধনীর ডিপুডাঙায় জমজমাট খুঁটান মেলা!

ঝাড়গ্রাম: বাঁদনা পরবের ঐতিহ্য ও লোকসংস্কৃতির আবহে ঢোল-ধামসার তালে মাতলেন রাজ্যের মন্ত্রী রাজেশ মাহাতো ও শালবনির বিধায়ক বিমান মাহাতো।

ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের গিধনী অঞ্চলের ডিপুডাঙায় বাঁদনা পরব উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী খুঁটান মেলা ২০২৬ ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ।

কুড়মি সমাজ পশ্চিমবঙ্গ ও গিধনী করম পরব কমিটির যৌথ উদ্যোগে প্রতিবছরের মতো এবারও এই মেলার আয়োজন করা হয়।

রবিবার বিকেলে শুরু হওয়া এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মেলা প্রাঙ্গণে ভিড় জমান অসংখ্য মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রাজেশ মাহাতো।

বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালবনির বিধায়ক বিমান মাহাতো-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন মন্ত্রী ও বিধায়কের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

অতিথি হিসেবে মঞ্চে সীমাবদ্ধ না থেকে তাঁরা সরাসরি মিশে যান সাধারণ মানুষের সঙ্গে।

খুঁটান আখড়ায় নেমে নিজেরাই হাতে তুলে নেন ঢোল ও ধামসা। তাঁদের ঢোল-ধামসা বাজানোর দৃশ্য ঘিরে উপস্থিত দর্শক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তাঁদের অংশগ্রহণে আরও প্রাণবন্ত হয়ে ওঠে গোটা উৎসব প্রাঙ্গণ।

সব মিলিয়ে লোকসংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির মেলবন্ধনে জমজমাট হয়ে ওঠে গিধনীর ডিপুডাঙার খুঁটান মেলা।

আয়োজকদের মতে, এই ধরনের উৎসব কেবল আনন্দ-বিনোদনের মাধ্যম নয়, বরং কুড়মি সমাজের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বপূর্ণ মঞ্চ।

পাশাপাশি এই আয়োজন সামাজিক ঐক্য ও সম্প্রীতির বার্তাও বহন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here