হরিহরপাড়া: প্রকাশ্য মঞ্চ থেকে একাধিক সামাজিক বিধিনিষেধের বার্তা দিয়ে আলোচনায় এলেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক বিষ্ণুচরণ শিকদার।
মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ভবানীপুর এলাকায় একটি অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নিজের বাড়ির লোক ছাড়া অন্য কাউকে ‘বৌদি’ বা ‘ভাবি’ বলে সম্বোধন করা যাবে না।
বয়সে বড় হলে ‘দিদি’ ও বয়সে ছোট হলে ‘বোন’ বলে ডাকতে হবে।
শুধু সম্বোধন নয়, বন্ধুদের বাড়িতে ডাকা নিয়েও কড়া বার্তা দেন ওই বিজেপি নেতা।
তাঁর বক্তব্য, কোনও বন্ধুকে বাড়িতে ডাকা যাবে না। মঞ্চ থেকে তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
এর পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার কথাও তুলে ধরেন বিষ্ণুচরণ শিকদার।
তিনি বলেন, কোথাও কোনও সন্তান যদি তাঁর বৃদ্ধ বাবা- মায়ের খোঁজখবর না রাখেন বা তাঁদের দেখভাল না করেন, তাহলে সেই সমস্ত পরিবারের তালিকা তৈরি করে তাঁকে দিতে হবে।
তাঁর দাবি, ওই বৃদ্ধ বাবা-মায়ের থাকা ও খাওয়ার ব্যবস্থা তাঁদের ছেলের কাছেই করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
একদিকে সামাজিক সম্পর্ক ও সম্বোধন নিয়ে কড়া নির্দেশ, অন্যদিকে অবহেলিত বৃদ্ধ বাবা-মায়ের পাশে দাঁড়ানোর বার্তা – ভবানীপুরের অনুষ্ঠানে বিজেপি নেতার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে চর্চা শুরু হয়েছে।














































