বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! শুক্রবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে প্রবল ঘূর্ণিঝড়!

কলকাতা: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে অতি-গভীর নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর শক্তি বাড়িয়ে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

আগামী ২০ নভেম্বর শুক্রবার দুপুরের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস। এর প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিভাগের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত অতি-গভীর নিম্নচাপটি গত ছয় ঘণ্টায় ঘণ্টায় প্রায় ৬ কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে প্রায় ৬৩০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শ্রী বিজয় পুরম থেকে প্রায় ৬৯০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যার মধ্যে নিম্নচাপটি দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মধ্যভাগে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

মঙ্গলবার সন্ধ্যার মধ্যে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপর সমুদ্রের উপর আরও শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

শুক্রবার দুপুরের মধ্যে নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী অংশ দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সেই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার ও ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা সহ হাওড়ার কিছু এলাকায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়ায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের এক বা দুটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে।

শনিবার ও রবিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

সাথে উত্তরবঙ্গে মঙ্গলবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির এক বা দুটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।

পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে ১৭ নভেম্বর মঙ্গলবার থেকে ২০ নভেম্বর শুক্রবার পর্যন্ত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ ও তার প্রভাবের দিকে নজর রাখছে আবহাওয়া দপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here