৪৮ ঘণ্টা আগে থেকেই রাজ্যজুড়ে বাইকে নিষেধাজ্ঞা!

Rapido, Uber-সহ সব অ্যাপ বাইক পরিষেবা বন্ধ, নির্দিষ্ট সময়েই চলবে একা চালক – কঠোর নির্দেশ নির্বাচন কমিশনের

কলকাতা: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ নিল Election Commission of India।

ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে থেকেই গোটা রাজ্য জুড়ে বাইক চলাচলের উপর একগুচ্ছ কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে।

মঙ্গলবার কমিশনের তরফে এই নির্দেশিকা প্রকাশ করা হয়।

নির্দেশ অনুযায়ী, ভোটের দুই দিন আগে থেকে কোনও ধরনের বাইক র‍্যালি বা মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ।

পাশাপাশি রাতের সময়েও কড়াকড়ি জারি করা হয়েছে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনও বাইক রাস্তায় নামানো যাবে না।

দিনের বেলায় (সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা) বাইক চালানো গেলেও, চালকের পিছনে কোনও আরোহী বা রাইডার বসানো যাবে না।

এই নিয়মের আওতায় পড়ছে অ্যাপ- ভিত্তিক বাইক পরিষেবাগুলিও।

ফলে Rapido, Uber-সহ সমস্ত বাইক ট্যাক্সি পরিষেবা এই সময়ের মধ্যে কার্যত বন্ধ থাকবে।

ভোটের দিনও একই ধরনের বিধিনিষেধ বহাল থাকবে।

তবে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ভোটাররা নিজের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বাইক ব্যবহার করতে পারবেন।

এছাড়া জরুরি পরিষেবা, রোগী পরিবহণ, স্কুলে শিশুদের আনা-নেওয়া ও আগে থেকে নির্ধারিত পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না।

নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মী ও বৈধ পাসধারী সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে না।

তবে উল্লিখিত কারণ ছাড়া অন্য কোনও প্রয়োজনে বাইক ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে।

কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই নিয়ম ভাঙলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইতিমধ্যেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সর্বত্র নাকা চেকিং চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটের আগে বাইক বাহিনী ব্যবহার করে অশান্তি বা ভোটার প্রভাবিত করার সম্ভাবনা রুখতেই এই কঠোর পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here