কলকাতা: প্রেস ক্লাবের সামনে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রাজনৈতিক মহলে।
পোস্টারে বড় বড় অক্ষরে লেখা, ‘নিখোঁজ প্রসূনবাবু’।
সমাজবাদী পার্টির নামে লাগানো ওই পোস্টারে চারবারের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে। সাংসদ হিসেবে সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করলেও সাধারণ মানুষ কেন তাঁদের প্রাপ্য পরিষেবা থেকে বঞ্চিত, তা নিয়েও প্রশ্ন তুলেছেন পোস্টারদাতারা। এলাকার মানুষের সঙ্গে সাংসদের যোগাযোগ ও ভূমিকা নিয়েও কটাক্ষ করা হয়েছে।
তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
সাংসদের বিরুদ্ধে এমন প্রকাশ্য প্রতিবাদ ও পদত্যাগের দাবি ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা।














































