১৯ দিনের সদ্যোজাতকে বিক্রির অভিযোগ, ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ! আটক বাবা-মা!

হাওড়া: মাত্র ১৯ দিনের সদ্যোজাত শিশুকে বিক্রির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার কোনা নস্করপাড়া কালীবেদী এলাকায়। অভিযোগ, শিশুটিকে বিক্রির জন্য ১ লক্ষ ৬০ হাজার টাকা দরও নির্ধারণ করা হয়েছিল। তবে সেই টাকায় চূড়ান্ত রফা না হওয়ায় শিশুটিকে অন্যের বাড়ির একটি পাতকুয়োয় ফেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

ঠিক সেই সময় বিষয়টি এক মহিলার নজরে আসে। মুহূর্তের মধ্যে তৎপর হয়ে তিনি শিশুটিকে উদ্ধার করেন। তাঁর উপস্থিত বুদ্ধি ও দ্রুত পদক্ষেপে প্রাণে রক্ষা পায় মাত্র ১৯ দিনের সদ্যোজাত।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার পুলিশ। এই ঘটনায় শিশুটির বাবা ও মাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পাশাপাশি, যাঁর কাছে শিশুটিকে বিক্রির চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ, তাঁকেও থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কেন সদ্যোজাত শিশুকে বিক্রির চেষ্টা করা হয়েছিল? এর পিছনে অন্য কোনও ব্যক্তি বা চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মাত্র ১৯ দিনের শিশুকে ঘিরে ওঠা এই গুরুতর অভিযোগে স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের তদন্তের পরেই গোটা ঘটনার প্রকৃত রহস্য সামনে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here