কলকাতা: মধুচন্দ্রিমার আনন্দ মুহূর্তের মধ্যে পরিণত হয়েছিল ভয়াবহ দুর্ঘটনায়। পাহাড়ে নতুন জীবনের স্বপ্ন নিয়ে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে বার্বিকিউয়ের আগুনে গুরুতর অগ্নিদগ্ধ হয়েছিলেন নববধূ।
দীর্ঘ প্রায় দু’মাস মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মানলেন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা নিকিতা সাহা। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পরিচিত মহলে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্কের পর গত জুলাই মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন সৌভিক দাস ও নিকিতা সাহা।
বিয়ের পর নতুন জীবনের স্বপ্ন নিয়ে গত ১৩ সেপ্টেম্বর দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা সিটংয়ে মধুচন্দ্রিমায় যান নবদম্পতি। সেখানে একটি হোমস্টেতে থাকার সময় রাতে বার্বিকিউয়ের আয়োজন করা হয়েছিল। সেই সময়ই ঘটে ভয়াবহ দুর্ঘটনা।
অভিযোগ, বার্বিকিউয়ের আগুনের তাপ বাড়ানোর জন্য হোমস্টের এক কর্মী তাতে দাহ্য তরল পদার্থ ঢেলে দেন।
মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে ও সেই আগুন ছড়িয়ে পড়ে নিকিতার শরীরে। ঘটনায় তাঁর শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়।
স্ত্রীকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন স্বামীও। ঘটনার পর নিকিতাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি।
পরিবার সূত্রে খবর, চার দিন আগে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই বৃহস্পতিবার ভোরে শেষ হয় তাঁর জীবনযুদ্ধ।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রথম থেকেই হোমস্টে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি ও অসহযোগিতার অভিযোগ তুলেছিল নিকিতার পরিবার।
তাঁদের দাবি, দুর্ঘটনার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়নি। ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে আসে। এই ঘটনায় তদন্তে নেমে হোমস্টের মালিক ও কর্মী-সহ চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
দীর্ঘ আট বছরের ভালোবাসার সম্পর্কের পর যে সংসার জীবনের স্বপ্ন দেখেছিলেন নিকিতা ও সৌভিক, তা শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই এমন মর্মান্তিক পরিণতি নেমে আসবে, তা কল্পনাও করতে পারেননি পরিবারের সদস্যরা।
নিকিতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চোপড়ায় শোকের আবহ তৈরি হয়েছে।














































