মধ্যরাতে শামিম আহমেদের বাড়িতে CID-পুলিশের যৌথ হানা! দীর্ঘক্ষণ ডাকাডাকি, বাড়িতে মিলল না বিধায়কের দেখা!

ডায়মন্ড হারবার: একের পর এক বিতর্ক ও অভিযোগের মাঝেই এবার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বাড়িতে হানা দিল সিআইডি ও পুলিশের যৌথ দল। বুধবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের হিংচেবেড়িয়া এলাকায় বিধায়কের বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। দীর্ঘক্ষণ বাড়ির দরজায় ধাক্কা দেওয়ার পাশাপাশি ডাকাডাকিও করেন তাঁরা। কিন্তু এত চেষ্টার পরেও বাড়িতে বিধায়কের দেখা মেলেনি। মধ্যরাতে এই যৌথ অভিযান ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, ডায়মন্ড হারবারে জমি দখল সংক্রান্ত একটি মামলার তদন্ত করছে সিআইডি। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে একটি পরিবারের প্রায় ১.৮৫ একর জমির মালিকানা বদল করিয়ে নেওয়া হয়েছিল। ডায়মন্ড হারবারের এক মহিলা এই অভিযোগ সামনে এনেছেন। তাঁর দাবি, গত বছরের অগস্ট মাসে শামিম আহমেদ ও তাঁর দলবল বাড়িতে গিয়ে তাঁকে হুমকি দিয়েছিলেন। রাজনৈতিক প্রভাবের কারণে সেই সময় স্থানীয় পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলেও অভিযোগ করেন তিনি। ওই জমি দখল মামলায় অভিযুক্তদের তালিকায় দ্বিতীয় নাম রয়েছে বিধায়ক শামিম আহমেদের।

অন্যদিকে, সম্প্রতি ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধারের ঘটনাতেও নাম জড়িয়েছে বিধায়কের। বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে যায়। এই ঘটনায় বিধায়কের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করে।

যদিও শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছে শামিম আহমেদ। তাঁর দাবি, পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সরিষার দলীয় কার্যালয় থেকে টাকা উদ্ধারের ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশের ভূমিকা ও তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নিরপেক্ষ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিধায়ক। সিবিআই তদন্তের আর্জি জানানোর পাশাপাশি গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে আদালতের কাছে রক্ষাকবচও চেয়েছে তিনি।

এই পরিস্থিতিতে বুধবার গভীর রাতে বিধায়কের বাড়িতে সিআইডি ও পুলিশের যৌথ অভিযান ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তদন্তকারীরা কী কারণে গভীর রাতে বিধায়কের বাড়িতে পৌঁছেছিলেন, বাড়িতে তাঁকে না পেয়ে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হয়েছে, তা নিয়েও উঠছে প্রশ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here