শেষরক্ষা হলো না! সিটংয়ে হানিমুনে বারবিকিউয়ের আগুনে দগ্ধ নববধূ নিকিতার মৃত্যু, শোকের ছায়া পরিবারে!

চোপড়া: দীর্ঘ লড়াইয়ের অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন উত্তর দিনাজপুরের চোপড়ার নববধূ নিকিতা সাহা। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ১৩ সেপ্টেম্বর দার্জিলিংয়ের সিটংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে মর্মান্তিক অগ্নিকাণ্ডের শিকার হয়েছিলেন নিকিতা। তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে কলকাতার বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নিকিতা। চার দিন আগে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে ওঠায় তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তাঁর।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর স্বামী সৌভিক দাসের সঙ্গে মধুচন্দ্রিমায় দার্জিলিংয়ের সিটংয়ে গিয়েছিলেন চোপড়ার বাসিন্দা নিকিতা সাহা। সেখানে একটি হোমস্টেতে রাতে বারবিকিউ করার সময় আচমকাই আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনে গুরুতর অগ্নিদগ্ধ হন নিকিতা। তাঁর শরীরের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে।

প্রথমে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতার বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দীর্ঘদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর ঘরে ফেরা হলো না তাঁর।

এই কঠিন সময়ে স্ত্রীর পাশে ছিলেন স্বামী সৌভিক দাস। নতুন জীবনের স্বপ্ন নিয়ে যে পাহাড়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন দু’জনে, সেই সফরই শেষ পর্যন্ত তাঁদের জীবনের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি হয়ে রইল। নিকিতার মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। স্ত্রীর এভাবে চলে যাওয়ায় শোকস্তব্ধ সৌভিকও।

অন্যদিকে, এই মর্মান্তিক ঘটনার পর হোমস্টে কর্তৃপক্ষের গাফিলতি নিয়েও অভিযোগ উঠেছিল। কীভাবে বারবিকিউ করার সময় আগুন ছড়িয়ে পড়েছিল ও এই দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

একটি আনন্দের মধুচন্দ্রিমা সফর শেষ হলো চরম বেদনায়। নিকিতার মৃত্যুতে চোপড়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here