মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন নতুন মূর্তি সেতুর, নাগরাকাটা- জলপাইগুড়ি যোগাযোগে নতুন দিগন্ত!

নাগরাকাটা: নাগরাকাটা থেকে গভীর জঙ্গলের পথ ধরে সরাসরি জলপাইগুড়ি শহরের সঙ্গে যোগাযোগ আরও সহজ করতে তৈরি হয়েছে নতুন মূর্তি সেতু।

১২৬ মিটার দীর্ঘ ও ১৩ মিটার চওড়া এই সেতুর উদ্বোধন মঙ্গলবার করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মূর্তি নদীর উপর নির্মিত এই নতুন সেতুর সঙ্গে জড়িয়ে রয়েছে এলাকার পুরনো স্মৃতিও। একসময় এই এলাকায় ছিল কাঠের সেতু। বহু জনপ্রিয় সিনেমার গানে সেই কাঠের সেতু ও আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য দর্শকদের নজর কেড়েছিল।

সময়ের সঙ্গে সেই পুরনো কাঠের সেতুর জায়গা নিয়েছে আরও মজবুত ও দৃষ্টিনন্দন নতুন সেতু।

পূর্ত দপ্তরের সড়ক বিভাগ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে নতুন মূর্তি সেতুটি।

সেতুটি চালু হলে নাগরাকাটা থেকে জঙ্গলের পথ ধরে জলপাইগুড়ির সঙ্গে যোগাযোগ আরও সরাসরি হবে।

একই সঙ্গে মূর্তি-সহ পার্শ্ববর্তী পর্যটন এলাকাগুলিতে পর্যটকদের যাতায়াতেও সুবিধা বাড়বে।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই এলাকায় নতুন সেতু যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি পর্যটনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।

বিভাগীয় আধিকারিকদের মতে, নতুন সেতুর দৃষ্টিনন্দন নির্মাণও পর্যটকদের আকর্ষণের অন্যতম কারণ হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here