সামসেরগঞ্জ: মাদক কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল সামসেরগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও ফেনসিডিল উদ্ধার করলেন পুলিশকর্মীরা। দুটি অভিযানে মোট ১৯৭ গ্রাম হেরোইন ও ৩৩২ বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সামসেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই ১৯৭ গ্রাম হেরোইন-সহ জামিরুল শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলার সাকারঘাট এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ফারাক্কার দিক থেকে হেরোইন নিয়ে আসছিলেন ওই যুবক। কোথা থেকে এই মাদক সংগ্রহ করা হয়েছিল ও কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অন্যদিকে, একই রাতে পৃথক একটি অভিযান চালিয়ে নতুন জালাদিপুর এলাকা থেকে ৩৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় লুতফল শেখ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি সামসেরগঞ্জের হাতিছিত্রা, ধুলিয়ান এলাকায়।
উদ্ধার হওয়া ফেনসিডিল কোথা থেকে আনা হয়েছিল, এর সঙ্গে আর কারা জড়িত ও এর পিছনে কোনও বড় মাদক পাচারচক্র রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
পরপর দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাদক কারবারের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সন্ধানে তদন্ত চালাচ্ছে সামসেরগঞ্জ থানার পুলিশ।














































