২৩ বছরের তরুণীর রহস্যমৃত্যু, মায়ের বিরুদ্ধে খুনের সন্দেহ পরিবারের!

শিলিগুড়ি: শিলিগুড়ির ডাবগ্রাম এলাকায় ২৩ বছরের এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃতার নাম তানিশা ঘোষ। বৃহস্পতিবার রাতে নিজের ঘর থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। পরে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তানিশা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন। তাঁর চিকিৎসার জন্য পরিবারের তরফে বিভিন্ন জায়গায় চেষ্টা করা হলেও বিশেষ উন্নতি হয়নি বলে দাবি। তাঁকে কেন্দ্র করে বাড়িতে মাঝেমধ্যেই অশান্তির পরিস্থিতি তৈরি হতো বলেও জানা গিয়েছে।

পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ তানিশার ঠাকুমা গৌরী ঘোষ ঘরে গিয়ে তাঁকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তিনি তানিশার দাদা দীপঙ্করকে ডাকেন। ঘরে এসে দীপঙ্কর বোনের মুখ দিয়ে ফেনা বের হতে ও শরীর ঠান্ডা হয়ে যেতে দেখেন বলে পরিবারের দাবি।

তড়িঘড়ি তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তরুণীর মৃত্যুর পরই তাঁর মা দীপশিখা ঘোষের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেন পরিবারের সদস্যরা।

অভিযোগ, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। পরিবারের আরও দাবি, ঘটনার পর থেকেই দীপশিখা বাড়ি ছেড়ে চলে গিয়েছে।

যদিও পরিবারের তরফে ওঠা এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ।

ঠিক কী কারণে তরুণীর মৃত্যু হয়েছে, তা জানতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here