শিলিগুড়ির দুই স্টেডিয়াম পরিদর্শনে শঙ্কর ঘোষ, অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার নির্দেশ!

শিলিগুড়ি: শহরের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হলেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শুক্রবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ও ইন্ডোর স্টেডিয়াম পরিদর্শন করে উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন।

এদিনের পরিদর্শনে মূলত স্টেডিয়ামগুলির অসমাপ্ত কাজ, বিভিন্ন ক্রীড়া সংস্থার স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা ও নতুন করে প্রশিক্ষণ পরিকাঠামো গড়ে তোলার বিষয়গুলি গুরুত্ব পায়। ইন্ডোর স্টেডিয়ামকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

ইন্ডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন প্রশিক্ষণ পুনরায় চালু করার পাশাপাশি দাবা খেলার জন্য বিশেষ প্রশিক্ষণ অ্যাকাডেমি গড়ে তোলার প্রস্তাব উঠে আসে। একইসঙ্গে কাবাডি ও খোখোর মতো খেলাধুলার সঙ্গে যুক্ত সংস্থাগুলির জন্য স্থায়ী অফিসের ব্যবস্থা করার বিষয়েও আলোচনা করা হয়। শিলিগুড়ি পুরনিগমের তত্ত্বাবধানে এই পরিকল্পনাগুলি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হতে পারে।

অন্যদিকে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পুনর্নবীকরণের কাজ নিয়েও খোঁজখবর নেন শঙ্কর ঘোষ। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনও সংস্কারের কাজ সম্পূর্ণ না হওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন তিনি। উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সংস্কারের কাজ শেষ করে স্টেডিয়াম হস্তান্তরের কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই কাজ পুরোপুরি সম্পন্ন হয়নি।

এদিন স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখে বাকি কাজ দ্রুত শেষ করার বিষয়ে আশ্বাস দেন পর্যটনমন্ত্রী। পাশাপাশি কাজের গতি বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

শহরের ক্রীড়াপ্রেমীদের দীর্ঘদিনের প্রত্যাশা, কাঞ্চনজঙ্ঘা ও ইন্ডোর স্টেডিয়ামের পরিকাঠামো দ্রুত উন্নত করা হোক। মন্ত্রীর এই পরিদর্শনের পর এবার কবে নাগাদ অসমাপ্ত কাজ সম্পন্ন হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে শিলিগুড়ির ক্রীড়ামহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here