দাদা মুখ্যমন্ত্রী হতেই সারা গ্রাম দণ্ডী খাটলেন সৌমেন!

বাঁকুড়া: দাদা মুখ্যমন্ত্রী হওয়ার আনন্দে ও নিজের মানত পূরণ করতে গোটা গ্রাম জুড়ে দণ্ডী খাটলেন বাঁকুড়ার জঙ্গলমহলের হীরবাঁধ থানার গোবারদা গ্রামের বাসিন্দা সৌমেন মুখোপাধ্যায়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি ভক্তিমূলক পরিবেশের সৃষ্টি হয়।

গোবারদা গ্রামে অবস্থিত গ্রাম্য দেবতা বাবা পাতালেশ্বরকে ঘিরে প্রতি বছর জৈষ্ঠ্য মাসে অনুষ্ঠিত হয় গাজন উৎসব।

এলাকার বহু মানুষ নিজেদের মনের আশা পূরণের জন্য বাবা পাতালেশ্বরের কাছে মানত করে থাকেন।

কারও আশা পূরণ হলে গাজনের সময় সন্ন্যাসী হয়ে দণ্ডী খাটার রীতি রয়েছে।

সেই রীতিই পালন করলেন সৌমেন মুখোপাধ্যায়।

জানা গিয়েছে, তিনি দেবাদিদেব মহাদেব বাবা পাতালেশ্বরের কাছে মানত করেছিলেন যে, তাঁর “দাদা” শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলে তিনি গাজনের সময় সন্ন্যাসী হয়ে গোটা গ্রাম দণ্ডী খাটবেন।

সেই মানত পূরণ হতেই এ বছর গাজনে অংশ নিয়ে দীর্ঘ পথ দণ্ডী কেটে অতিক্রম করেন তিনি।

এই প্রসঙ্গে সৌমেন মুখোপাধ্যায় বলেন, “পনেরো বছরের তৃণমূল সরকারের অবসান ঘটেছে।

বাংলার মানুষ আবার স্বাধীন হয়েছে বলে মনে হচ্ছে। দুর্নীতি, হুমকি, কাটমানি ও চুরিতে রাজ্য অতিষ্ঠ হয়ে উঠেছিল।

রাজ্যে চাকরি ও শিল্পের অভাবে যুবক-যুবতীরা দিশেহারা হয়ে পড়েছিল।

তাই বাংলার মঙ্গল কামনায় ও শুভেন্দু অধিকারী যেন মুখ্যমন্ত্রী হন, সেই প্রার্থনাই করেছিলাম বাবা পাতালেশ্বরের কাছে। মানত পূরণ হওয়ায় এ বছর সারা গ্রাম দণ্ডী খাটলাম।”

তিনি আরও বলেন, “আমি চাই বাংলার মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক।

বেকার যুবক – যুবতীদের কর্মসংস্থান হোক ও আমাদের দাদা শুভেন্দু অধিকারী সুস্থ থাকুন এই প্রার্থনাই করেছি বাবা পাতালেশ্বরের কাছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here