মালদহ: কার্তিক পুজোর মেলায় মদ্যপ যুবকদের মধ্যে বিবাদ থামাতে গিয়ে প্রাণ গেল বিজেপির মণ্ডল সহ সভাপতির। মৃতের নাম চন্দন মণ্ডল (৪৫)।
তিনি মালদহের হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলের বাসিন্দা ছিলেন। পাশাপাশি তিনি পুজো কমিটির সম্পাদক এবং পেশায় একজন ডেকোরেটার্স ব্যবসায়ী ছিলেন।
বৃহস্পতিবার রাত প্রায় ১২টা নাগাদ হবিবপুরের ঋষিপুরের চাঁদপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁদপুরে ১৬ মাথার ষড়ানন কার্তিক পুজো উপলক্ষে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অভিযোগ, রাতে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কয়েকজন যুবকের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ও বিবাদ থামাতে এগিয়ে যান চন্দন মণ্ডল।
অভিযোগ, সেই সময় এক মদ্যপ যুবকের মারে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, চন্দন মণ্ডল হৃদরোগেও আক্রান্ত ছিলেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।














































